, , ।
সানশাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনায় করা মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। কারাগারে যাওয়া আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। পুলিশ বলছে, ২৬ এপ্রিল নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে উপজেলার খয়রাবাদ এলাকায় ফিলিং স্টেশনে যান। সেখানে রায়হানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শওকতকে মারধর করা হয়।
এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে রায়হান পলাতক ছিলেন। ওসি নূরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, রায়হান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে।