, , ।
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রোনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ‘ন্যাশনাল গার্ড’ মোতায়েনের জোরালো দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য।
রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল এবং ইলাইজা ক্রেন ট্রাম্প প্রশাসনের কাছে এই আবেদন জানিয়ে বলেছেন, ১১টি আয়োজক শহরের আকাশসীমা সুরক্ষিত রাখতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুক্রবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
কংগ্রেস সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আয়োজক শহর এবং ইভেন্ট আয়োজকদের মধ্যে সমন্বয়ের অভাব ও জনবল সংকট নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই ‘ছন্নছাড়া’ পরিস্থিতি এড়াতে একটি সমন্বিত কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। চিঠিতে তারা উল্লেখ করেন, ‘ন্যাশনাল গার্ড তাদের দ্রুত মোতায়েন হওয়ার সক্ষমতা এবং দেশজুড়ে জরুরি অবস্থা মোকাবিলায় অভিজ্ঞতার কারণে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তিগত হুমকি রুখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে গত শনিবার ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ এক বন্দুকধারীর অতর্কিত হামলার ঘটনায়। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে যে, বিশ্বকাপ সম্পূর্ণ নিরাপদ থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই আসরকে কেবল ফুটবল ভক্তদের জন্য স্মরণীয় নয়, বরং ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ইভেন্ট হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’