সর্বশেষ সংবাদ :

রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন। দুপুর ২টার দিকে শুরু হওয়া বিক্ষোভ দাবি মানার আশ্বাসে বিকেল ৪টার দিকে শেষ হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর লক্ষ্যে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২০২৪ সালের ১০ আগস্ট রুয়েটে জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের পক্ষে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রুয়েটে ছাত্ররাজনীতি থাকবে কি না, তা নির্ধারণে নির্বাচনকালীন কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি বিভিন্নভাবে তা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি করেছে।
এর আগে রোববার রাতে নো পলিটিক্স ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রুয়েট ক্যাম্পাস। গভীর রাতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ক্যাম্পাসে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ সোমবার দুপুর ২টায় ক্লাস ও ল্যাব বর্জন করে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ওয়াল রাইটিং করে। পরে কিছু শিক্ষার্থী প্রকাশ্য ও গুপ্ত-উভয় ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে নতুন করে দেয়াল লিখন করেন। একই দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইংরেজিতে একটি পোস্টারও টানানো হয়, যেখানে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম না চালানোর আহ্বান জানানো হয়।
রোববার রাতে ওই ব্যানারটি খুলে পুড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে রাত ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জিয়া হলের সামনে পৌঁছালে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ শুরু করেন, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে, রুয়েট শাখা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রলীগ ও শিবিরের গোপন সদস্যরাই এ ধরনের প্রচারণার সঙ্গে জড়িত।


প্রকাশিত: April 28, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ