সর্বশেষ সংবাদ :

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বার্তা পঞ্চগড় থেকে নওগাঁয় এসে তরুণের প্রতিবাদ

নওগাঁ প্রতিনিধি: সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের রোধে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক তরুণ। সোমবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার এলাকায় দেখা যায় এই তরুণকে। বুকে ফেস্টুন ও মাথায় ক্যাপ (টুপি) পরিহিত অবস্থায় দাঁড়িয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সমাজের চলমান পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান। ওই তরুণের নাম সাইফুল ইসলাম শান্তি (২৬)। তিনি পঞ্চগড়ের সদর উপজেলার আমলাহার গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে সাইফুল গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতাসহ সমাজের নানা অসঙ্গগতি সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছেন।
সাইফুলের মাথার টুপিতে লেখা, ‘নিয়ামতপুরে চার খুনের সাথে জড়িতদের ফাঁসি চাই।’ বুকে ঝুলানো ফেস্টুনে লেখা, ‘সহিংসতা নয়, জমিজমাসহ যেকোনো বিরোধ লাঘবে আইনি পথ বেছে নিন।’ মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী অবস্থানের পর সাইফুল হেঁটে নওগাঁ শহরের প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতা রোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, তিনি কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন লজ্জিত ও উদ্বিগ্ন নাগরিক হিসেবে এই সচেতনতামূলক প্রচারণার কাজ করছেন। সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বজনদের হাতে একই পরিবারের চারজন নিমর্মভাবে হত্যার শিকার হন। এই ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। নির্মম এই হত্যাকা- থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত। সামান্য জমির জন্য যখন মানুষ আপনজনের রক্ত ঝরাতে পারে, তখন বুঝতে হবে আমরা ভয়াবহ এক নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছি। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ হলে সহিংসতা নয়, আমাদের আইনের পথ বেছে নেওয়া উচিত। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারাঙ্গণে যাঁরা আছেন, তাঁদের উচিত জমিজমা সংক্রান্ত বিরোধের কোনো সমস্যা থানায় কিংবা আদালতে গেলে সেগুলোর যেন দ্রুত সমাধান হয়। কারণ, বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মানুষ অনেক সময় সহিংসতার পথ বেছে নেন।


প্রকাশিত: April 28, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ

আরও খবর