সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ গুলিবর্ষণ ॥ ককটেল বিস্ফোরণ, ভাংচুর

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় কলেজসহ পুরো এলাকা রনক্ষেত্র পরিনত হয়। সংঘর্ষের উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশের উপস্থিতিতেই কলেজ গেটের সামনে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির ‘গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে’, ‘রগ কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘হাবিবের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন আপত্তিকর স্লোগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষ ও বিএনপির অফিস ভাংচুরের ঘটনাটির ভিডিও বেশ ভাইরাল হয়।
সেখানে দেখা যায়, বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজ গেটের সামনে স্থানীয় বিএনপির অফিস ভেঙ্গে তছনছ করছে এবং সেখানে টাঙ্গানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন বিলবোর্ড ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব অভিযোগ করেন, শিবিরের মিছিল থেকে তাদের নেতাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে শিবির কর্মীরা হামলা চালায় এবং তাদের ব্যানার ও অফিস ভাঙচুর করে। সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করে বলেন, কলেজে তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ ১০০-১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পাশাপাশি বিএনপির স্থানীয় কার্যালয় ভাঙচুর করে গুড়িয়ে দেয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান বলেন, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য তারা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও চেয়েছিলেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে শহরের বকুলের মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রকাশিত: April 24, 2026 | সময়: 3:51 am | সুমন শেখ