, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে বুধবার (২২ এপ্রিল) ‘বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। নগরের অলাকার মোড়ের বোরহান কমপ্লেক্সের চুঁই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
কর্মশালায় বহুমুখী পাট পণ্যের ২০ জন উৎপাদক, রপ্তানিকারক, উদ্যোক্তা ও সত্বাধিকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন হস্তশিল্প মহিলা সংস্থার সভাপতি উম্মেহাজ সিদ্দিকা ও রাজশাহী পাটবাজারের ফ্যাশন ডিজাইনার আশরাফুল ওমর।
উম্মেহাজ সিদ্দিকার অভিজ্ঞতার ধরণ হচ্ছে পাটের বেনি, দস্তিং দ্বারা পাট পণ্য উৎপাদন ও বৈচিত্রকৃত পাট পণ্যের মান নিয়ন্ত্রণের ওপরে রাজশাহী যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত। আশরাফুল ওমরের অভিজ্ঞতার ধরণ পাটজাত পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ। তিনি জেডিপিসি, এসএমই ফাউন্ডেশনের সদস্য।
এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) এর সেক্রেটারি জেনারেল মো. হাসানুল ইসলাম, অফিস সহকারী আহমেদ মাসউদ গওহার ও বাকী বিল্লাহ খোকন।
এই কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্ত আবুল কালাম আজাদ রাজশাহী নগরের দড়িখরবোনা এলাকার ‘ইকো ডট’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানে পাটের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে বৈচিত্রপূর্ণ পণ্য তৈরির কাজ করা হয়। মুক্ত আলোচনায় তিনি বলেন, কাঁচামাল জোগাড় করে সব ধরনের আয়োজন করে রাজশাহী থেকে পণ্য উৎপাদন করা কঠিন।
তিনি বলেন, তাদের কাঁচামালের সহজলভ্যতা দরকার। উদ্যোক্তাদের ভেতরে যোগাযোগ এবং সরকারের সহযোগিতা প্রয়োজন। বিচ্ছিন্নভাবে চেষ্টা করে বড় কিছু করা যাবে না এইজন্য সমন্বয়ের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ এবং বাজার সম্প্রসারণের জন্য কাজ করতে পারবেন। সবকিছুই রাজধানী কেন্দ্রিক। সেখান থেকে সবকিছু রাজশাহীতে এনে কাজ করা কঠিন ব্যাপার ও সময় সাপেক্ষ। এই দিক থেকে এই প্রশিক্ষণ কর্মশালা থেকে তারা উপকৃত হচ্ছেন।
নগরের উপশহর নিউমার্কেট এলাকার ‘মাহাদী ব্যাগ হাউস’ এর সত্বাধিকারী মোহাম্মদ আলী তার প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, লেডিস ব্যাগসহ সব ধরনের ব্যাগ তৈরি করেন। রাজশাহীতে দক্ষ কর্মী তৈরি করার প্রশিক্ষণের কোন ব্যবস্থা নেই। তিনি আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণ কর্মশালা থেকে সেই সুযোগ তৈরি হবে।
নওগাঁ জেলার মান্দা থানার ‘জননী জুট প্রোডাক্ট’ সত্বাধিকারী শাহিনুর ইসলামের প্রতিষ্ঠানেও পাটের স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, সাইড ব্যাগ, মানিব্যাগসহ বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করা হয়। তার প্রতিষ্ঠানের বয়স ২৪ বছর। তিনিও বলেন, এই প্রশিক্ষণকর্মশালা এসে উপকৃত হবেন।