সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ২১ এপ্রিল সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার রিতু ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সঙ্গে সিএনজিতে করে পাকশীতে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না ওই সিএনজির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিক ভাবে জানা যায়, সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পরে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: April 22, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর