সর্বশেষ সংবাদ :

অর্ধেক দামে সোলার পাবেন কৃষকরা: মন্ত্রী

সানশাইন ডেস্ক: কৃষিখাতে উৎপাদন ব্যয় কমাতে সরকার ডিপ-টিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন)। এ উদ্যোগের আওতায় কৃষকরা ভর্তুকিমূল্যে অর্ধেক দামে সোলার কেনার সুবিধা পাবেন বলেও জানান তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে।
তিনি বলেন, বিএনপির ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড দেওয়া।
তখন এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। অনুষ্ঠানে ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।


প্রকাশিত: April 18, 2026 | সময়: 3:52 am | সুমন শেখ

আরও খবর