সর্বশেষ সংবাদ :

হামের টিকা: শিশুদের কান্নাকাটি, অভিভাবকদের স্বস্তি

সানশাইন ডেস্ক: লম্বা লাইনে দাঁড়িয়ে অভিভাবকরা, সবার কোলে ছোট ছোট শিশু। কেউ বাচ্চাকে বোঝাচ্ছেন টিকার কোনো ব্যাথ্যা নেই। আবার কেউ বলছেন টিকা নিলেই খেলনা কিনে দেবেন।
লাইন ধরে সামনে এগিয়ে এক দম্পতিকে দেখা গেল টিকা দেওয়া শেষে বাচ্চার কান্না থামাতে ব্যস্ত। বাচ্চা কাঁদছে, তবে বাবা-মায়ের মুখে স্বস্তির হাসি। সোমবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত মিরপুর ১২ এলাকার রাড্ডা এম সি পি এইচ টিকা সেন্টারে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। কর্তৃপক্ষ জানাল, রোববার থেকে এ কেন্দ্রে হাম ও রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।
টিকাকেন্দ্রে আসা মাহফুজা আক্তার নামের এক অভিভাবক বললেন, তার তিন সন্তান। এক জনের বয়স সাত মাস, আরেকজনের দুবছর; আর অন্যজন ছয় বছরের বেশি। দুজনকে টিকা দিতে নিয়ে এসেছেন তিনি।
“গত কিছুদিন থেকেই হামের ভয়ে ছিলাম। আজ টিকা পেয়ে ভালো লাগছে। ভয় অনেকটা কেটে গেছে।” নয় মাস বয়সী মাহিরকে টিকা দিতে নিয়ে এসেছেন তার বোন মালিহা। তিনি বললেন, “আমরা ছোট ভাই খুবই সুস্থ। তবে দেশে যেভাবে হাম ছড়াচ্ছে তাতে ভয় লাগছিল। টিকা দেওয়ার কথা শুনে আর দেরি না করে আজ সকলেই চলে আসছি।”
মিরপুর-১২ রাড্ডা এম সি পি এইচ সেন্টারের ইনচার্জ ডা. নাজনীন বলেন, “আমরা সকাল থেকে টিকা কার্যক্রম শুরু করেছি। এলাকার অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে শিশুদের নিয়ে আসছেন। “গতকাল ৩৩০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই অনেকে আসছে। বিকেল ৩টায় জানানো যাবে কী পরিমাণ শিশু আজ টিকা পেয়েছে। এই সেন্টার পর্যাপ্ত টিকা রয়েছে।”
মিরপুর-১২ এলাকার টেকের বাড়ি বস্তিতে প্রায় হাজার পরিবারের বসবাস। রোববার হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চলে এই বস্তিতে। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বাসিন্দারা। সেলিনা আক্তার নামের এক নারী বলেন, “আমার নাতনীর বয়স ৪ বছর। এমনিতে সুস্থ, কোনো সমস্যা নাই। কিন্তু হামের কথা শুনে তাকেও টিকা দিয়ে নিয়েছি।” ইয়াসমিন বেগম নামের আরেকজন বাসিন্দা জানালেন, তার নানতীর বয়স দুই বছরের কম।
“হেতের বয়সে এখনো কোনো অসুখ নাই। তাও টিকা দিছি যাতে কিছু না হয়।” তবে রোববার যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তাদের মধ্যে কারো কারো শিশু টিকা পায়নি বলে স্থানীয়রা জানালেন।


প্রকাশিত: April 14, 2026 | সময়: 5:58 am | সুমন শেখ

আরও খবর