, , ।
স্পোর্টস ডেস্ক: মালদ্বীপে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হওয়ার টাটকা স্মৃতি এখনো দেশের ফুটবলপ্রেমীদের মনে। সেই সাফল্যের আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার বড়সড় চমক দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নিজেদের মাটিতে আসন্ন ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব আয়োজনের জোর তৎপরতা শুরু করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এই সুখবর দেন কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি।
তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঢাকার মাঠেই গড়াবে এশিয়ান কাপের এই মেগা ইভেন্ট। জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের ডামাডোল থামার পর ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে বাছাইপর্বে বাংলাদেশ কোন গ্রুপে পড়বে বা প্রতিপক্ষ কারা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের জন্য এরই মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে প্রস্তাবিত ভেন্যুর তালিকা পাঠিয়েছে বাফুফে। আয়োজক হওয়ার দৌড়ে তালিকায় নাম রয়েছে পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনার।
এএফসির সবুজ সংকেত পাওয়ার আগেই ভেন্যুগুলোতে শুরু হয়েছে ব্যাপক সংস্কার কাজ। জাতীয় স্টেডিয়ামের পিচ নতুন করে প্রস্তুত করা হচ্ছে। পিছিয়ে নেই কিংস অ্যারেনাও; সেখানে গ্যালারির ওপর শেড নির্মাণ, নতুন দর্শক-চেয়ার বসানো এবং প্রেসবক্স আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
উল্লেখ্য, বয়সভিত্তিক এই আন্তর্জাতিক আসর আয়োজনের পাশাপাশি পুরুষদের সিনিয়র সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপও নিজেদের ঘরের মাঠে আয়োজন করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত করছে বাফুফে।