সর্বশেষ সংবাদ :

বাংলা নববর্ষ ও বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ এপ্রিল ২০২৬খ্রিস্টাব্দ (পহেলা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হবে। রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা ঐ দিন সন্ধ্যা ৬ টার পূর্বে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর বিভিন্ন ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের নিরাপত্তা, নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার আরএমপি’র পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এছাড়াও আগামী ১৫ এপ্রিল হতে ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার নিম্নবর্ণিত ১০ টি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। উক্ত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্র সমূহের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মহানগরী আইন- ১৯৯২ এর বিভিন্ন ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৫ এপ্রিল হতে ১৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ সকাল ০৯.০০ ঘটিকা হতে বেলা ১.৩০ ঘটিকা পর্যন্ত উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহের নাম: ১) মেডিক্যাল কলেজ ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজপাড়া ২) রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া ৩) রাজশাহী কলেজিয়েট স্কুল, বোয়ালিয়া ৪) রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া ৫) রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াডাঙ্গা ৬) খড়খড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পবা ৭) দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণহার ৮) নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পবা ৯) বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট ১০) বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী। শনিবার আরএমপি’র পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।


প্রকাশিত: April 12, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ

আরও খবর