, , ।
স্পোর্টস ডেস্ক: ডট বলের পর ডট, এই কাজটাই যেন মোস্তাফিজুর রহমানের সহজাত ব্যাপার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে থাকা মোস্তাফিজ কুড়ি ওভারের ক্রিকেটে তিন হাজার ডট বল দেওয়ার এক বিরল মাইলফলক স্পর্শ করেছেন।
সবশেষ ম্যাচে ২১টি ডট বল করেন মোস্তাফিজ। তাতেই ৩২৪ ইনিংস শেষে তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ। টি-টোয়েন্টির ইতিহাসে পেসারদের মধ্যে এটি পঞ্চম সর্বোচ্চ। ডট বলের তালিকায় এখনো শীর্ষে ডোয়াইন ব্রাভো; ৫৪৬ ইনিংসে তার ডট ৩৬৮১টি। তার পরেই আছেন মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩) ও সোহেল তানভীর (৩০৪৬)। এই তালিকার পেছনেই এখন চোখ রাখছেন মোস্তাফিজ।
সমসাময়িক বাঁহাতি পেসারদের মধ্যে মোহাম্মদ আমিরের সঙ্গে তার লড়াইটা আলাদা করে নজর কাড়ছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া বাঁহাতি পেসার হওয়ার দৌড়ে আমিরের ৪১৮ উইকেটের খুব কাছেই আছেন মোস্তাফিজ, তার সংগ্রহ ৪১৬। তবে ইকোনমির দিক থেকে এবার পিএসএলে এগিয়ে বাংলাদেশি এই পেসার। আমির যেখানে ওভারপ্রতি দিচ্ছেন ৯.৭৮ রান, মোস্তাফিজ সেখানে আটকে রেখেছেন ৭.০৭-এ।
ডোয়াইন ব্রাভো এখন আর নিয়মিত খেলেন না, তবে আন্দ্রে রাসেল ও সোহেল তানভীর এখনো ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয়। তবুও বয়স, ফর্ম আর ধারাবাহিকতা সবমিলিয়ে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠার সুযোগটা সবচেয়ে বেশি মোস্তাফিজেরই।