বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে সকালের দিকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
সরেজমিনে শ্রীবরদীর ভায়াডাঙ্গার মদিনাতুল উলুম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, এখানে ভোটার লাইনগুলো একেবারেই শূন্য। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত থাকা স্থানীয় সাদেক আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তারিকুল ইসলাম বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ৪৭৬টি। দুপুরে ভোটার লাইনগুলো ফাঁকা হয়ে যায়।’
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। দুটি উপজেলায় ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। ২ লাখ ৫ হাজার পুরুষ এবং ২ লাখ ৮ হাজার ৩০৪ জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন সাত জন। কেন্দ্রগুলোর মধ্যে গারো পাহাড়ি এলাকার ৩২টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।