, , ।
স্পোর্টস ডেস্ক: উজবেকিস্তানের সঙ্গে ড্র করে আগেই সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল। সেই সাথে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। তবে খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে আজ হংকং চায়নার বিপক্ষে এক চরম নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়াডের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।
স্থান নির্ধারণী এই ‘মাস্ট উইন’ ম্যাচটি আক্ষরিক অর্থেই ছিল রুদ্ধশ্বাস রোমাঞ্চে ভরপুর। নির্ধারিত ৬০ মিনিটের খেলা শেষ হয়েছিল ৪-৪ গোলের সমতায়। ম্যাচজুড়ে লিড আর সমতায় ফেরার এক জমজমাট লড়াই দেখেছে দর্শকরা। হংকং চায়নাও এ দিন লড়াই করেছে চোখে চোখ রেখে।
ব্যাংককে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। মাত্র ৪ মিনিটের মাথায় ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে দেন রকিবুল হাসান। উদযাপনের রেশ কাটতে না কাটতেই পরের মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান ২-০ করেন আমিরুল ইসলাম। তবে দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি হংকং। পরের মিনিটেই পাক কোর গোলে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে হংকং। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইশতিয়াক আহমেদ গোল করলে ২-২ সমতা তৈরি হয়। এরপর শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণের তুমুল লড়াই। ৪২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের দুর্দান্ত লক্ষ্যভেদে ফের লিড (৩-২) পায় বাংলাদেশ।
কিন্তু নাটকের তখনও অনেক বাকি। ৪৬ মিনিটে হংকংয়ের কুলদ্বীপ সিং ফিল্ড গোল করে স্কোরবোর্ড ৩-৩ করে ফেলেন। দুই মিনিট পর (৪৮ মিনিটে) পেনাল্টি কর্নার থেকে আশরাফুল নিজের দ্বিতীয় গোলটি করে লাল-সবুজ শিবিরকে আবারও ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। তবে এই আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নিয়ে ৪-৪ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ করে হংকং চায়না।
ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারের। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত চূড়ান্ত হিটে ফজলে রাব্বির দারুণ এক গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের সুবাদে সেরা ছয় দলের মধ্যে থেকে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করল বাংলাদেশ হকি দল। বাছাইপর্বের শেষ ধাপে এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণের আনুষ্ঠানিকতা সারতে ব্যাংককে আরেকটি ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী।