, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম সংক্রান্তে স্কুল শিক্ষার্থীদের সাথে নওগাঁ জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে জেলা পুলিশের আয়োজনে কলেজের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোলা আদর্শ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো লুৎফর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর – বদলগাছী) সার্কেল মাকসুদুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন – তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ আমাদের সমাজে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, একটি সমাজ এমনকি পুরো জাতির জন্য ক্ষতিকর। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা আমাদের সকলের দায়িত্ব।