সর্বশেষ সংবাদ :

ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই মামলা না নিলেও প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় রোববার সকালে মামলা রেকর্ড করে পুলিশ। অভিযুক্ত মনিরুজ্জামান শান্ত মহানগরীর বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার ভাই মো. শুভসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। তাদের বাড়ি নগরীর বড়কুঠি বালুরঘাট এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী এক বন্ধুকে নিয়ে বড়কুঠি এলাকায় একটি লিটারারি ফেস্টিভ্যালে যান। সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত মনিরুজ্জামান শান্ত অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে অশালীন অঙ্গভঙ্গি করে ধর্ষণের হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা তাদের সেখান থেকে সরিয়ে দেন।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “প্রথমে যেভাবে অভিযোগটি লেখা হয়েছিল, তা মামলা হিসেবে গ্রহণযোগ্য ছিল না। পরে সংশোধন করে দিলে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে কারণেই মামলা রেকর্ড করা হয়েছে।


প্রকাশিত: April 7, 2026 | সময়: 3:22 am | সুমন শেখ