সর্বশেষ সংবাদ :

অটোরিকশা চালিয়ে জীবন সংগ্রাম টুলি বেগম পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

স্টাফ রিপোর্টার: সন্তানদের অবহেলায় জীবনের ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগম। নারী হয়েও জীবিকার তাগিদে অটোরিকশার হ্যান্ডেল ধরেছেন তিনি। দীর্ঘদিন অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে কোনোভাবে দিন কাটালেও এবার নিজের অটোরিকশা পেয়েছেন তাও আবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে।
টুলি বেগমের এই সংগ্রামী জীবনের কথা জানতে পেরে তারেক রহমান তার পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তার বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমের হাতে তুলে দেওয়া হয় একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। ফলে এখন থেকে আর ভাড়ার অটোরিকশা চালাতে হবে না নিজের অটোরিকশা নিয়েই জীবিকা নির্বাহ করতে পারবেন তিনি।
অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।” ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল বলেন,“অসহায় টুলি বেগমের বিষয়টি আমাদের নজরে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের তাকে সহায়তা করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা তার পাশে দাঁড়িয়েছি।”
এ বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অসহায় মানুষের খবর পেলেই দ্রুত সহায়তার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আমরা টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংগ্রাম আর অবহেলার মধ্যে জীবনযাপন করা টুলি বেগমের জন্য এই সহায়তা যেন নতুন আশার আলো হয়ে এসেছে। নিজের অটোরিকশা নিয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি।


প্রকাশিত: April 4, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ