বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আব্দুল্লাহ আক্কেলপুর পৌরশহরের একটি কওমি মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র এবং ঠেঙ্গাপুর মহল্লার ফারুক আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মাদ্রাসা ছুটি হয়। বাসা কাছাকাছি হওয়ায় আব্দুল্লহ বাসায় চলে যায়। পরে সকাল ১০ টার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার থেকে ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এসময় তার সহপাঠীরা দ্রুত খবর দিলে শিক্ষক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।
ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।