বিশ্বকাপ ভেন্যুর উদ্বোধনী দিনে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক সমর্থক

স্পোর্টস ডেস্ক: মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের পুনরায় উদ্বোধনী দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্টেডিয়ামের বক্স সেকশনে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্যু হয়েছে।
শনিবার এক বিবৃতিতে মেক্সিকো সিটি সিটিজেন সিকিউরিটি সেক্রেটারিয়েট জানায়, মদ্যপ অবস্থায় থাকা ওই ব্যক্তি দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে লাফ দেওয়ার চেষ্টা করেন। বাইরে দিয়ে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচতলায় পড়ে যান তিনি। পরে চিকিৎসা দেওয়া হলেও প্রাণ রক্ষা করা যায়নি।
দুর্ঘটনাটি ঘটে মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার প্রীতি ম্যাচ শুরুর আগেই। এই ম্যাচ দিয়েই পুনরায় উদ্বোধন করা হয় আজতেকা স্টেডিয়ামের, যা ‘এস্তাদিও সিউদাদ দে মেক্সিকো’ নামেও পরিচিত। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের অন্যতম ভেন্যু এটি।
উদ্বোধনী আয়োজনটি উৎসবমুখর হওয়ার কথা থাকলেও এই দুর্ঘটনায় পুরো পরিবেশ ম্লান হয়ে যায়। নিচের স্তরে যাওয়ার জন্য স্টেডিয়ামের বাইরের অংশ দিয়ে লাফ দেওয়ার চেষ্টা থেকেই এই বিপত্তি ঘটে। স্টেডিয়াম পুনরায় চালুর দিন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এক কিলোমিটারজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কেবল টিকিটধারী দর্শক ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
কঠোর নিরাপত্তার কারণে স্টেডিয়ামের আশপাশে ছিল না স্বাভাবিক উৎসবের আমেজ। অনুপস্থিত ছিল দর্শকদের চিৎকার, মুখে রঙ মেখে আসা সমর্থকদের উচ্ছ্বাস কিংবা পরিচিত কোলাহল। টার্নস্টাইলের আগে বসানো ধাতব ব্যারিকেডও দর্শকদের স্বস্তি কমিয়ে দেয়। অনেকেই বাধা এড়িয়ে চলতেই ব্যস্ত ছিলেন, ফলে গান বা স্লোগান তোলার পরিবেশ তৈরি হয়নি। স্টেডিয়ামের বাইরে চত্বরে একই চিত্র।
সীমিতসংখ্যক খাবারের দোকানে ভিড় দেখা গেলেও অধিকাংশ দর্শককে নিস্তরঙ্গভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পতাকা, জার্সি বা সমর্থকদের সামগ্রী বিক্রির তেমন কোনো আয়োজন ছিল না। স্টেডিয়ামের ভেতরে মেক্সিকান ফুটবল নির্বাহী এমিলিও আজকারাগা স্বাগত জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। তবে দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ শান্ত। নতুন করে সংস্কার করা আজতেকায় আধুনিক আসন, উন্নত আলো ও শব্দব্যবস্থা যুক্ত করা হয়েছে। তবে অনেকের কাছেই পুরোনো আজতেকার প্রাণচাঞ্চল্য ও সমর্থকদের উষ্ণতা যেন অনুপস্থিত মনে হয়েছে।


প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ | সময়: ৫:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর