, , ।
সানশাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দিলারা হাফিজের ছেলে শাহরুখ হাফিজ বলেন, “আম্মু আমাদের ছেড়ে চলে গেছেন।” পরিবারের সদস্যরা জানান, গেল ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয় অধ্যাপক দিলারা হাফিজকে। সেখানে তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
শুক্রবার থেকে দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। শনিবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তার ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার বাংলাদেশ বিমানে তার কফিন ঢাকায় নিয়ে আসা হবে। পরের দিন ৩০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল নিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় দিলারা হাফিজ। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সন্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
তার কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দি কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যাক্ষ ছিলেন। এছাড়া অধ্যাপক দিলারা হাফিজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারাল।
ভূমিমন্ত্রীর শোক: জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রজমান মিনু। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাসিক প্রশাসক: গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার (২৮ মার্চ) এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাসিক প্রশাসক মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমপি মিলন: গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
এক শোকবার্তায় তিনি বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন প্রথিতযসা শিক্ষাবিদ। দেশের শিক্ষাখাতের উন্নয়নে তার অবদান অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন নারী।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাজশাহী জেলা পরিষদ প্রশাসক: গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। শোকবার্তায় তিনি মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।