সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে দ্রুতগামী বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাজশাহীর তানোরে আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে রাজ্জাক মোড়ে এসে তিনি একজনের সাথে দেখা করার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেলসহই বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।


প্রকাশিত: March 29, 2026 | সময়: 12:32 am | সুমন শেখ