সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর দল মঙ্গলবার সন্ধ্যায় নগরের শাহমখদুম থানার সন্তোসপুর এলাকার সামসুল আলমের বাড়িতে এ অভিযান চালায়।
এ সময় ভাড়াটিয়া মজিবুর রহমান বকুল ও সম্পা খাতুন দম্পতির বাড়ি থেকে ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তার মজিবুর পবা উপজেলার তুরাপুর তাইগোর এলাকার মৃত সামসুল মিয়ার ছেলে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ বাড়ির মালিক সামসুল আলমও মাদকচক্রে যুক্ত। অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এ নিয়ে তিনজনের বিরুদ্ধেই শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দম্পতিকেও থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। পলাতক সামসুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশিত: March 26, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ

আরও খবর