বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার ২১ মার্চ সারা দেশের মতো গোদাগাড়ীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিনের শুরুতেই উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। শনিবার ২১ মার্চ মহিশালবাড়ি মহিলা ডিগ্রী কলেজ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।
ঈদের নামাজ শেষে তিনি মুসল্লি, দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সম্প্রীতি ও সৌহার্দ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদের নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনও একসঙ্গে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার জন্য দোয়া করা হয়।