সর্বশেষ সংবাদ :

বিয়ের আগের দিনে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের আগের দিন বরের এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকা জুড়ে আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, রোববার জুলফিকার আলীর আলীর গায়ে হলুদ ও সোমবার বিয়ের দিন ধার্য ছিল। রোববার সকালে তিনি বাড়ি থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে বিয়ের অনুষ্ঠানে আসা বোন-ভগ্নিপতিকে নেয়ার জন্য বড়াইগ্রামের বনপাড়ায় আসছিলেন। পথে উপজেলার গড়মাটি এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাকের পিছনে ঢুকে পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। প্রাইভেট কারটি জব্দ করে থানায় রাখা হয়েছে।


প্রকাশিত: March 25, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ

আরও খবর