ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

স্পোর্টস ডেস্ক: ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগেই হ্যানয়ে পৌঁছেছে। ঈদের দিন (২১ মার্চ) দেশ ছাড়ার পর হ্যানয় বিমানবন্দরে পৌঁছে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিডফিল্ডার সমিত সোমরা। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেদিন দলের সঙ্গে যেতে পারেননি হামজা চৌধুরী। অবশেষে মঙ্গলবার ভিয়েতনামে পৌঁছেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২০ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। ঘোষিত স্কোয়াডে জামাল, শমিত ও শেখ মোরসালিনদের পাশাপাশি হামজার নামও ছিল। পরিকল্পনা অনুযায়ী ২১ মার্চ তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও সূচি নিয়ে কিছু বিভ্রান্তির কারণে তা সম্ভব হয়নি।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এ বিষয়ে জানান, হামজার যোগ দেওয়ার তারিখ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। শুরুতে ২১ মার্চ ধরা হলেও পরে ঠিক করা হয় ২২ মার্চ তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে তার ক্লাবের একটি ম্যাচ থাকায় সময়সূচিতে পরিবর্তন আসে। আগামী ২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা, যা এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ।
বর্তমানে ‘সি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। সমান সংখ্যক ম্যাচ খেলে হংকংয়ের পয়েন্ট ৮, বাংলাদেশের ৫ এবং ভারতের ২। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।


প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ