, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এ সময় বন্দরে কোনো প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। তবে এ সময় চেকপোস্ট দিয়ে কেবলমাত্র বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ স¤পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম মন্ডল।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের কাছে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
এ সময় বন্দরের অভ্যন্তরে বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্ট এলাকায় পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।
তিনি আরও জানান, ঈদের পর আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। বর্তমানে রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।