রাজশাহী ও নওগাঁয় খাল খনন উদ্বোধনে ভূমিমন্ত্রী : শহীদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী ও নওগাঁর নিয়ামতপুরে খাল খনন কাজের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বাংলাদেশে আজকে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে তা শহীদ জিয়ার দেখানো। আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো। সেই মাটিতে চাষ করবো এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।
ভূমিমন্ত্রী বলেন, আমাদের মনে আছে, বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কী দুর্ভিক্ষই না ছিল বাংলাদেশে। খাদ্য নেই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কালসার শরীর। অথচ তখন লোকসংখ্যা ছিল সাত কোটির মতো। শহীদ জিয়া ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সারা দেশে খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। এভাবে সাতাত্তর-আটাত্তর সালে তিনি বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এ সময় মন্ত্রী, তার ছাত্র জীবনে রাজশাহীতে জিয়াউর রহমানের খাল কাটতে আসার কথা স্মরণ করেন এবং ওই খাল খননের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হওয়ায় তখন এ এলাকায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল বলে মন্তব্য করেন।
গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্ন, উপজেলা সহকারি কমিশনার ভূমিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া খনন কর্মসূচীর উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) এর বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে এই খাল খনন করা হবে।
ভূমি মন্ত্রী বলেন, নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে। নিজের মন্ত্রনালয় নিয়ে মিজানুর রহমান বলেন, ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলবো না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব। কোন অনিয়ম দুর্নীতি যাতে না থাকে সেজন্য আমরা কাজ করছি এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি মন্ত্রী আরও বলেন, আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনরা নির্দেশ করবেন আপনাদের প্রত্যাশা পূরণ করায় আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোন প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেয় না। অ্যাডমিনিস্ট্রেশনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪(মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬ | সময়: ৩:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ