জেলা পুলিশের অভিযানে ৪১টি হারানো ফোন উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হারিয়ে যাওয়া ৪১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোন হস্তান্তর করেন রাজশাহীর এসপি মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশ জানিয়েছে, জেলার আটটি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় ৪১ জন ব্যক্তি বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। পরে সেগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হলো। এ ছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪২ হাজার টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।


প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬ | সময়: ৩:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ