সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ঈদে বিনামূল্যে খাদ্য সহায়তা পাচ্ছে ২৪ হাজার পরিবার

বড়াইগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। সোমবার বড়াইগ্রাম পৌরসভায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে চাল বিতরণের মাধ্যমে এ কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ঈদুল ফিতরে উপজেলায় মোট ২৪ হাজার ১৯৭টি পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে। তার মধ্যে বড়াইগ্রাম পৌরসভায় চার হাজার ৬২১টি পরিবারে ৪৬ দশমিক ২১০ টন ও বনপাড়া পৌরসভায় চার হাজার ৬২১টি পরিবারে ৪৬ দশমিক ২১০ টন, জোয়াড়ী ইউনিয়নে দুই হাজার ৫৫১টি পরিবারে ২৫ দশমিক ৫১০ টন, বড়াইগ্রাম ইউনিয়নের দুই হাজার ৪৩১টি পরিবারে ২৪ দশমিক ৩১০ টন, জোনাইল ইউনিয়নে দুই হাজার ১১০টি পরিবারে ২১ দশমিক ১০০ টন, নগর ইউনিয়নে দুই হাজার ৬৫০টি পরিবারে ২৬ দশমিক ৫০০ টন, মাঝগাঁও ইউনিয়নে দুই হাজার ২২৩টি পরিবারে ২২ দশমিক ২৩০ টন, গোপালপুর ইউনিয়নে এক হাজার ৬২১টি পরিবারের মাঝে ১৬ দশমিক ২১০ টন ও চান্দাই ইউনিয়নে এক হাজার ৩৬৯টি পরিবারের মাঝে ১৩ দশমিক ৬৯০ টন চাল বিতরণ হবে। ভিজিএফ কর্মসূচির আওতায় নবগঠিত বিএনপি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রতিটি দুস্থ পরিবারের একজন কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মধ্যে পবিত্র ঈদুর ফিতরকে সামনে রেখে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নগুলোতে মোট ২৪১ দশমিক ৯৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


প্রকাশিত: March 17, 2026 | সময়: 3:11 am | সুমন শেখ