বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ। তিনি বলেছেন, মাদকসেবীদের নয়, মাদক বিক্রেতাদের তালিকা করতে হবে। তাদেরকে বোঝাতে হবে, কাজ না হলে গ্রেপ্তার করতে হবে। মাদক বিক্রি বন্ধ হলে, সেবনও বন্ধ হয়ে যাবে। আর প্রশাসন চাইলে এ তালিকা করা এবং মাদক বিক্রি বন্ধ করা কঠিন কিছু নয়।
তিনি সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান ও মুক্তিযোদ্ধা বয়েত রেজা বক্তব্য রাখেন।