, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্পের একটি ঘর দখলে নিয়েছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। উপজেলার তেলিপাড়া আশ্রয়ন প্রকল্পের ওই ঘরটি শনিবার দুপুরে ছাত্রদল নেতা আব্দুল হান্নান তালা ভেঙ্গে দখল করেছেন। ঘরটি দখলে নিয়ে তাঁর বড় ভাই আব্দুল মান্নানকে সপরিবারে সেখানে তুলে দিয়েছেন বলে স্থানীয় ও আশ্রয়ন বাসিন্দারা অভিযোগ করেন।
জানাগেছে, আব্দুল হান্নান জাতীয়তাবাদী ছাত্রদল মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি। তেলিপাড়া গ্রামের জনৈক গাজীমুদ্দীনের ছেলে তিনি। শনিবার বিকেলে সরেজমিনে গেলে আশ্রয়নের ঘরটিতে আব্দুল মান্নানকে সপরিবারে দেখা যায়। এ সময় ছাত্রদল নেতা আব্দুল হান্নানও সেখানে ছিলেন।
স্থানীয় বাসিন্দা দুলালী রানী জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রেখেছিল। শনিবার দুপুরে আব্দুল হান্নান প্রশাসনের সেই তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি। একই এলাকার সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘরটি বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করে নিলেন ছাত্রদল নেতা আব্দুল হান্নান।
অভিযোগের বিষয়টি আব্দুল হান্নান স্বীকার করে বলেন, ঘরটি খালি অবস্থায় পড়েছিল। তাই তিনি সেটি দখল করে নিয়েছেন। এটি ঠিক হয়েছে কী না, তা তিনি বলতে পারবেন না বলেও জানান।
এ বিষয়ে জানতে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা সংগঠন পরিপন্থী। অভিযোগটি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি তিনি অবগত হননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।