আত্রাইয়ে ৫০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ মোরশেদা বিবি (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ১ মার্চ উপজেলার সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোরশেদা বিবি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাদনগর নয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
আত্রাই থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশের দলটি সিএনজি স্টেশন এলাকায় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি চালায়। এসময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আত্রাই উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


প্রকাশিত: মার্চ ২, ২০২৬ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর