, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের জমির মাঠে এক বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী (১৮) মোবাইল ফোন না পেয়ে বিদ্যুৎতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে চিমনা গ্রামের জমির মাঠে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আত্মহত্যার চেষ্টা কারী কিশোর চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র সুমন আলী। জানা গেছে, সুমন আলী দীর্ঘদিন ধরে পিতার কাছে মোবাইল ফোন চাইছিলেন, কিন্তু তার পিতা তাকে মোবাইল কিনে দিতে রাজি হচ্ছিল না। পরিবারের প্রতি অভিমান করে সুমন আলী বিলের মাঝের বিদ্যুৎতের পোলে উঠে বসেন। কিছু কৃষক বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে জানায়। বিদ্যুৎ অফিস দ্রুত তার সংযোগ বিচ্ছিন্ন করে এবং তানোর ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে কিশোরকে পোল থেকে উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করেন।
তানোর উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা আব্দুর রোউফ বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে ওই বিশোরকে নিরাপদে বিদ্যুৎতের পোল থেকে নামিয়ে তার পরিবারের কাছে হস্থান্তর করি।