, , ।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। অনিয়মের কোনো সুযোগ নেই। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ-অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দশ সততা, দক্ষতা ও জনসেবা সুনিশ্চিত করতে হবে। সেবা কার্যাক্রম জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এখনও আমরা শিখছি। আমরা আরও কিছুদিন পর পরিস্কার করে জনগনের সামনে বলতে পারবো। দেশ আমাদের সবার। আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগনের অনেক ভোগান্তি হয়েছে। বিগত ১৭ বছর এসবের স্বচ্ছতা ছিল না। আগামী দিনে দক্ষ ব্যক্তিদের সামনে নিয়ে আসা হবে। সবাই মিলে আমরা এগিয়ে যাবো। সাফল্য অর্জন হবে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিল। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন, তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করবো।
পরবর্তী সময়ে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩ তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।