সর্বশেষ সংবাদ :

হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আবেদন : হার্টের একটি অপারেশনে বাঁচবে দিনমজুরের শিশুকন্যা ফাতেমা

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে চার্জার চালিত অটো ভ্যান চালক মোস্তাকুল আহমেদ রাজুর তিন বছরের শিশুকন্যা ফাতেমা খাতুন হৃদপিণ্ডের ৫.৫ মিলিমিটার ছিদ্র নিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, হাসপাতালে ভর্তি রয়েছে।
গত শনিবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফাতেমা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফাতেমা নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মোস্তাকুল আহমেদ রাজুর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র এক বছর বয়সে ফাতিমার হৃদরোগ ধরা পড়ে। তখনই চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আর্থিক অবস্থা স্বচ্ছলতা না হওয়ায় চিকিৎসা করানো সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি গুরুতর আকার ধারণ করেছে। বর্তমানে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর ও সংক্রমণ সহ নানা জটিলতা নিয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ফাতেমা। চার্জার চালিত অটো ভ্যান চালিয়ে কোনমতে সংসার চালানো বাবার পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব নয়। অসহায় বাবা, মা মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে হাত বাড়িয়েছেন।
মোস্তাকুল আহমেদ রাজু বলেন, আমার তিন বছরের মেয়েটাকে বাঁচাতে চাই। ঢাকায় নিয়ে হার্টের ছিদ্র বন্ধ করতে হবে। বর্তমানে নিয়ামতপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফাতেমা। মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আপনারা সবাই একটু সাহায্য করলে হয়তো আমার মেয়ে নতুন জীবন ফিরে পাবে।
সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে হাত বাড়িয়ে দিলাম, আপনারা এগিয়ে এলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব। ফাতেমার বাবা মোস্তাকুল আহমেদ যোগাযোগ বিকাশ ও নগদ ০১৭৩৮০৫৩৭৫৪। ডাচ বাংলা ব্যাংক, একাউন্ট নং ২০৭১৫৮০১২৪৫৭৮।
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ বলেন, দ্রুত উন্নত চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো চিকিৎসা পেলে ফাতিমার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। হৃদপিণ্ডের ছিদ্র জন্মগত ত্রুটি যা সফল অপারেশনের মাধ্যমে পুরোপুরি ভালো করা সম্ভব।


প্রকাশিত: February 25, 2026 | সময়: 3:10 am | সুমন শেখ