, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলাগুলোতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছিল।
পবা উপজেলা: রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ-এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যেদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
পরে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর রাজশাহী-৩ আসনের সংসদ সদস্যের পক্ষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা প্রেসক্লাব ও উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন,“ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বড়াইগ্রাম: বড়াইগ্রামে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, ওসি আব্দুস ছালাম, জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী এবং বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েতুর রেজা বক্তব্য রাখেন।
গোমস্তাপুর: গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ভাষা শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নাচোল: নাচোলে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শহীদ বেদীতে পুষ্পস্থবক অর্পন করে। পরে সোনাইচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নাচোল এরিয়া ম্যানেজার টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন প্রধান শিক্ষক মোজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থার পাক কমিটি সদস্য শিলভিয়া হেম্রম, আনন্দ মুন্ডা, আলোতি মুন্ডা প্রমূখ। অনুষ্ঠানে বড়ডাঙ্গা, ছুটিপুর, কুমড়া পুকুর, বাগান পাড়ার মুন্ডা, সাওতাল, রাজোয়ার সম্প্রদায়ের প্রায় ৩০০ জন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
নওগাঁ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নওগাঁয় কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..’ গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
জয়পুরহাট: রাত ১২ টা ১ মিনিটে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম, এ ওহাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বদলগাছী: বদলগাছীতে রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফজলে হুদা। ডা. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক দুলু। আরও ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রিপা রাণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা প্রমূখ।
টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী, মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধনবাড়ী উপজেলার শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জামায়াতের ধনবাড়ী উপজেলা শাখা, ধনবাড়ী পৌরসভা, থানা প্রশাসন, ধনবাড়ী প্রেসক্লাব, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধনবাড়ী ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সামাজিক সংগঠনের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পত্নীতলা: পত্নীতলায় সকালে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন শেষে উপজেলা সভা কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা ও পুরস্কার তিবরণী এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। এর আগে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নিয়ামতপুর: নিয়ামতপুরে দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। রাত ১২ টা ১ মিনিটে নিয়ামতপুর মডেল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাব, অন্যন্যা ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্প স্তাবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানান। উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লিখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
আত্রাই: আত্রাইয়ে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আলাউল ইসলাম।