দুইদিন ধরে পানি ও খাবার পায়নি তিনটি কুকুর, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

শাহজাদা মিলন,রাজশাহী :
পহেলা রমজানে হঠাৎ করে রাজশাহীর  মহানগরীর ১৯ নং ওয়ার্ডের সিটি পার্কের ছয় ফিট গভীর শুকনো লেকে পড়ে যায় তিনটি বেওয়ারিশ কুকুর। সারাদিন অভুক্ত থাকলেও প্রথম দিন উদ্ধার করা নিয়ে তেমন গুরুত্ব ছিল না। তবে দ্বিতীয় রমজানে টনক নড়ে পার্কে কর্মরত ও স্থানীয় যুবকদের। দ্বিতীয় রমজানের বিকেলে প্রায় দেড় ঘন্টার চেষ্টার পরও উদ্ধার করা সম্ভব হয়নি কুকুর গুলোকে।

কারন হিসেবে জানা গেছে, বেওয়ারিশ কুকুর হওয়ায় মানুষ দেখলে ভয়ে পালাচ্ছে। ধরতে গেলে কামড় খাওয়ার ভয় ছিলো যুবকদের। দ্বিতীয় দিনেও তাই উদ্ধার করা সম্ভব হয় নি । ফলে তৃতীয় দিন কুকুরগুলোকে উদ্ধারের জন্য দৈনিক সানশাইন এর সাথে যোগাযোগ করলে ব্যবস্থাপনা সম্পাদক যোগাযোগ করেন রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সাথে শনিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে। সেখান থেকে জানানো হয় ৩০ মিনিটের মধ্যে পৌছে যাবে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

৩য় রমজানের ইফতারের পরপরই উদ্ধার অভিযানে নামে তারা। যুক্ত হোন স্থানীয় যুবকরা। প্রায় ত্রিশ মিনিট পর একে একে তিনটি কুকুর উদ্ধার করা গেলেও কামড় ও আচড় খেয়েছেন স্থানীয় দুই যুবক ইমন ও শিবলু। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেই সময়।

উদ্ধার অভিযানে অংশ নেন মহানগর যুব দলের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জি.আরিফুজ্জামান সোহেল সহ স্থানীয় বিশ জনের অধিক যুবকদের একটি দল।

আরিফ জানান, ইফতারের পরপর জানতে পারি, তিনটি কুকুর সিটি পার্কের শুকনো লেকে পড়ে গেছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমি ও আমাদের ছোটভাইদের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সাথে অংশ গ্রহণ করে অবশেষে উদ্ধার করেছি। তবে দুই জনকে আচড় ও কামড় লাগায় চিন্তিত রয়েছি ভ্যাকসিন সংকট থাকায়।

গেটের পাহারায় থাকা এক কর্মি জানান, হঠাৎ দেখি তিনটা কুকুর লেকে পড়ে গেছে। উঠার কোন রাস্তা না থাকায় কিছুই করার ছিল না আমাদের। এলাকার ছেলেরা চেষ্টা করলেও সফল হয় নি। ফলে পরের দিন ফায়ার সার্ভিসের সহায়তা নেয়ার পর উদ্ধার হলো আজকে(শনিবার)।

উদ্ধার অভিযানে আসা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের
লিডার আব্দুর রাজ্জাক জানান, যে কোন অভিযান সফল হলে ভালো লাগে। আমরা ইফতারের ঠিক আগ মুহূর্তে ফোন পেয়েই উদ্ধার কার্যক্রমে অংশ নিই ৩০ মিনিটের মধ্যে।
মানুষ সহ যে কোন প্রাণীর বিপদে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা সদা প্রস্তুুত রয়েছে।

সানশাইন /শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬ | সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ | Daily Sunshine