, , ।
সানশাইন ডেস্ক: হজযাত্রীরা যাতে সব সুবিধা ভোগ করতে পারে, সেই নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করছে বলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন।
শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিগত সময়গুলোতে হজ্বের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলে কাজ করে যাব, যাতে হজযাত্রীরা সব সুবিধা ভোগ করতে পারে। “আল্লাহর রহমতে এবার অতীতের তুলনায় আরও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে; অবশ্যই এটি করব।”
কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় লাভ করেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার শুক্রবার প্রথম তিনি কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে আসেন এবং তার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সম্পূর্ণ সচেতন বলেও জানিয়েছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ।
এ সময় নিত্যপণ্যের দাম বাড়বে না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। “সাধারণ মানুষ যেন কোন কষ্ট না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।”
ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে কায়কোবাদ বলেছেন, “সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব। আমরা দায়িত্বপালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। “যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে।”