সর্বশেষ সংবাদ :

নওহাটা মহিলা ডিগ্রী কলেজের সংবর্ধনা : এতিম শিশুদের সাথে ইফতারে রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন

স্টাফ রিপোর্টার: জীবনের শুরুতেই যারা হারিয়েছে বাবা-মায়ের স্নেহ, যাদের শৈশব কেটেছে অভাব, অনিশ্চয়তা আর নীরব কষ্টের ভেতর দিয়ে—সেই এতিম শিশুদের দিনগুলো কাটে এক দীর্ঘ শূন্যতায়। উৎসবের আনন্দ কিংবা পারিবারিক উষ্ণতা তাদের জীবনে খুব কমই ধরা দেয়। তবুও ছোট ছোট স্বপ্ন বুকে নিয়ে তারা এগিয়ে যেতে চায় আলোর পথে। পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে এমনই কিছু এতিম শিশুর মুখে হাসি ফোটাতে তাদের সাথে ইফতার করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন।
শুক্রবার পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
ইফতার শেষে এমপি শফিকুল হক মিলন বলেন,“রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। যারা পরিবারহীন, যারা প্রতিদিন সংগ্রাম করে বড় হচ্ছে-তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা সৌভাগ্যের বিষয়।”
এমপি মিলন বলেন,“আমি চাই না কোনো শিশু নিজেকে একা মনে করুক। তারা যেন বুঝতে পারে সমাজ তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের অভিভাবক। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে মানুষ হবে এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও নেতৃত্ব উঠে আসবে।”
তিনি আরও বলেন,“এই শিশুরা কোনো বোঝা নয়, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ ছাড়া তা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তাদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করছি।” এতিমদের মধ্যে ইউসেফ স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাহেব আলী বলে, “এমপি স্যার আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন। খুব ভালো লাগছে।” আরেক এতিম ইদুল আলী জানায়, “তিনি আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন।”

রমজানের পবিত্র আবহে এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়; এটি ছিল দায়িত্ববোধ, মানবিকতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের এক দৃঢ় ঘোষণা। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন-এর সঙ্গে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বিসিক এলাকায় অবস্থিত এমপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়। এসময় তারা নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ সাইফুল ইসলাম, দাতা সদস্য ও নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, গভর্নিং বডির সভাপতি ময়মুর সুলতান শাহিন, বিদ্যুৎ শাহি সদস্য মামুনুর সরকার জেড, কাজী নাজমুল ইসলাম, মশিউর রহমান, হিতোষি সদস্য সাদিকুল ইসলাম মেজো ও অভিভাবক সদস্য মাহবুবুর আলম সুমন। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের প্রতিনিধিরা বলেন, নওহাটা মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এলাকায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন এবং একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহায়তা প্রয়োজন। এ ক্ষেত্রে সংসদ সদস্যের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
জবাবে এমপি শফিকুল হক মিলন কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষা উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা খাতের অগ্রগতি ছাড়া একটি অঞ্চল টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে সরকার বদ্ধপরিকর, আর এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


প্রকাশিত: February 21, 2026 | সময়: 3:52 am | সুমন শেখ