, , ।
আত্রাই প্রতিনিধি: পবিত্র মাহে রমজান-সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাস উপলক্ষে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।
শুক্রবার ২০ ফেব্রুয়ারি এক শুভেচ্ছা বার্তায় এমপি রেজু বলেন, রমজান মাস আমাদের মাঝে ধৈর্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহান শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই এক মাস মুমিন মুসলমানরা কঠোর সিয়াম সাধনায় নিমগ্ন থাকেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নওগাঁর এই দুই উপজেলার প্রতিটি ঘরে ঘরে রমজানের পবিত্র আলো ছড়িয়ে পড়ুক এবং মানুষের জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক।
আত্রাই ও রাণীনগরবাসীর উদ্দেশ্যে বিশেষ দিক তুলে ধরে তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সংযম এবং ত্যাগের মহিমা শেখায়। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এই পবিত্র মাসে আমি আত্রাই-রাণীনগরের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করছি।
এমপি শেখ রেজাউল ইসলাম রেজু তাঁর বক্তব্যে গুরুত্বারোপ করে বলেন, এটি কেবল উপবাস থাকার মাস নয় বরং নিজেদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ সময়। তিনি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পরিশেষে, আত্রাই-রাণীনগর উপজেলা সহ দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাহে রমজান আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর অশেষ রহমত। সবাইকে জানাই-রমজান মোবারক।