সর্বশেষ সংবাদ :

অহংকারের একুশে

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি অভিমানী মাকে দেওয়া সেই কথা প্রাণের বিনিময়ে রেখেছিল বীর সন্তানেরা। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালি জাতির জন্য শুধু একটি ঐতিহাসিক দিন নয়, আত্মপ্রকাশের মহাবিস্ফোরণ। আজ বুধবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশ কেবল বর্ণমালার যূথবদ্ধ একটি শব্দের গাঁথুনি নয়, গভীর অনুভূতির নাম। শহীদের রক্তে রাঙানো শিমুল পলাশের এই ফাগুনে দ্বিগুণ আগুন জ্বেলেই বীর বাঙালি প্রতিষ্ঠা করেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা নিজের ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল। একুশ আমাদের প্রাণের গভীরের এক শক্তির নাম। এক অনির্বচনীয় বেদনায় যে ভালোবাসা লালন করি বুকের গহ্বরে, একুশ তারই অনন্ত প্রকাশ। একুশের অহংকার ধারণ করেই প্রতিদিন একটু একটু বেড়ে ওঠা।
একুশ মানে এগিয়ে চলা। একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের চেতনার শেকড়, একুশ আমাদের গর্ব। একুশ আমাদের অহংকার। তাই প্রতি বছর আমরা একুশ পালন করি শোকের শক্তিকে শাণিত করতে। শুধু আবেগে দিনটি পালন নয়। দিনটিতে নয় কোনো আনন্দ উৎসব। এটি মহান শহীদ দিবস। এটা যেমন শোকের দিন, তেমনি শক্তি আর সাহসের অপরাজেয় বরাভয়। বাঙালি চেতনায় অনড় শপথের দিন। শুধু একদিন নয়, প্রতিদিন যাপনে একুশকে ধারণের দিন।


প্রকাশিত: February 18, 2026 | সময়: 4:49 am | সুমন শেখ