সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় তালা ভেঙ্গে ঘর দখলের অভিযোগ

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌর এলাকায় আদালতের রায় উপেক্ষা করে টিনসেড ঘরের তালা ভেঙ্গে ঘর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জালাল উদ্দীন (৬৬) প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা প্রেসক্লাব, নলডাঙ্গায় আয়োজিত সংবাদ সম্মেলনে জালাল উদ্দীন এ অভিযোগ করেন। তিনি জানান, ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন আগে একটি টিনসেড ঘর নির্মাণ করে সেখানে মুরগি পালন করে আসছেন।
তার অভিযোগ, নলডাঙ্গা প্রপান পেট্রোল পাম্পের মালিক জাহিদ হাসান উক্ত জমির ১.৪ শতাংশ অংশ ক্রয় করেছেন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা জজ আদালত, নাটোর গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে রায় জালাল উদ্দীনের পক্ষে প্রদান করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
জালাল উদ্দীনের ভাষ্য, আদালতের রায় তার পক্ষে থাকা সত্ত্বেও গত সোমবার আসরের নামাজ শেষে ঘরে গিয়ে দেখেন, তার ব্যবহৃত তালা ভেঙে নতুন একটি তালা লাগানো হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন, পেট্রোল পাম্পের কর্মচারী আইজদ্দি (৫৫) এ ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, আমি ন্যায়বিচার পাওয়ার আশায় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। যাতে আমার ওপর অন্যায় অত্যাচার ও জোরজুলুম না ঘটে।
এ বিষয়ে অভিযুক্ত পেট্রোল পাম্প কর্মচারী আইজদ্দির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি পাম্পের পরিচালক পরিচয়দানকারী এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। ওই ব্যক্তি দাবি করেন, সংশ্লিষ্ট জমিটি পেট্রোল পাম্পের মালিক জাহিদ হাসানের নামে রেজিস্ট্রি ও খাজনা খারিজ করা রয়েছে।
তিনি আরও বলেন, ঘর নির্মাণের সময় জালাল উদ্দীন কোনো বাধা দেননি। অভিযোগকারী কী ভিত্তিতে দাবি করছেন, তা আমাদের জানা নেই। বরং তিনি ঘরে তালা দেওয়ায় আমাদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। এটি জাহিদ সাহেবের বৈধ সম্পত্তি হওয়ায় ঘরে তালা দেওয়া আমরা মেনে নিতে পারি না।
জালাল উদ্দীন নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


প্রকাশিত: February 18, 2026 | সময়: 4:44 am | সুমন শেখ