বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
ম্যাচ শুরুর আগে রশিদের ঝুলিতে ছিল ৬৯৯টি উইকেট। ইনিংসের ১৬তম ওভারে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ আরফানকে ‘হিট উইকেট’ করার মাধ্যমে তিনি তার ৭০০তম শিকার পূর্ণ করেন। যদিও এই অর্জনের জন্য তাকে কিছুটা অপেক্ষা করতে হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচে ৬৯৯ উইকেট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজ নিজের কোটার শেষ ৪ বলে এসে কাঙ্ক্ষিত এই উইকেটের দেখা পান রশিদ। তবে দলের সুপার এইটে ওঠার সমীকরণ মাথায় রেখে এই ঐতিহাসিক মুহূর্তেও খুব একটা উদযাপন করতে দেখা যায়নি তাকে।
টি-টোয়েন্টিতে উইকেট শিকারির তালিকায় রশিদের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা অবসরপ্রাপ্ত ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১টি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রশিদের পরেই আছেন সুনীল নারিন (৬১৩ উইকেট)। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রশিদ খান সবার শীর্ষে (১৯১ উইকেট), তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।
মাইলফলক ছোঁয়ার আগে রশিদ জানিয়েছিলেন, কোনো নির্দিষ্ট সংখ্যায় থমকে যেতে চান না তিনি। তার লক্ষ্য কেবল দেশের হয়ে নিজের শতভাগ উজাড় করে দেওয়া। ২০২৩ সালে পিঠের অস্ত্রোপচারের পর কিছুটা সময় সেরা ছন্দে না থাকলেও সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এবং বিশ্বকাপের মঞ্চে আবারও স্বরূপে ফিরেছেন এই স্পিন জাদুকর।