, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তাঁর এলাকায় নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন। বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় গেলে পথের দু’ধারে দাঁড়িয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেন সমর্থক ও আমজনতা। এদিন সকালে মোহনপুর সদর থেকে শুরু হয় সংবর্ধনা ও শুভেচ্ছা।
এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মিলন বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়। তিনি এ বিজয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী খালেদা জিয়া-এর প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি তিনি বলেন, এ বিজয় ব্যক্তিগত সাফল্য নয়; বরং মানুষের কল্যাণে কাজ করার একটি বড় সুযোগ ও গুরুদায়িত্ব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মতো তিনিও দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। মোহনপুর এলাকায় তাঁর সাথে ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি সামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, কেশরহাট পৌর বিএনপি সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ-আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইউনুচ আলী মন্ডলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। এসময় তাঁর সাথে ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।