সর্বশেষ সংবাদ :

নেশন্স লিগে আবারও মুখোমুখি স্পেন-ইংল্যান্ড, ফ্রান্সের সঙ্গী ইতালি

স্পোর্টস ডেস্ক: ইউরো ফাইনালের পুনরাবৃত্তি। আবারও একই গ্রুপে স্পেন ও ইংল্যান্ড। ব্রাসেলসে আজ শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশন্স লিগে জমে উঠেছে লড়াইয়ের মঞ্চ। একই সঙ্গে ফ্রান্স-ইতালি ও জার্মানি-নেদারল্যান্ডস দ্বৈরথও আলোচনায়।
ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে হারানো স্পেন নেশন্স লিগেরও সাবেক চ্যাম্পিয়ন (২০২৩)। গত আসরে তারা ফাইনালে উঠলেও পেনাল্টিতে হেরেছিল পর্তুগালের কাছে। এবার লিগ ‘এ’-এর গ্রুপ ‘এ৩’-এ স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের জন্য এটি বড় পরীক্ষা বলেই ধরা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপের পর ইউরোপীয় আন্তর্জাতিক ফুটবলে নেশন্স লিগই হবে মূল আকর্ষণ। এরপর নজর ঘুরবে ইউরো ২০২৮ বাছাইপর্বে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে এ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, যেখানে প্রতিটি দল ঘরে-বাইরে একে অপরের মুখোমুখি হবে।
লিগ ‘এ’-এর চার গ্রুপের সেরা দুই দল মার্চ ২০২৭-এ কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে চার দল জায়গা করে নেবে জুনে অনুষ্ঠিত ফাইনালসে। যা অংশগ্রহণকারী কোনো একটি দেশ আয়োজন করতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল রয়েছে গ্রুপ ‘এ৪’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস। ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে গ্রুপ ‘এ১’-এ, সঙ্গী ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। গ্রুপ ‘এ২’-এ আছে জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।


প্রকাশিত: February 14, 2026 | সময়: 3:43 am | সুমন শেখ