রাজশাহীতে ৭০. ৩৩ শতাংশ ভোট পড়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। তবে এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ব্যতীত। রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৪ শতাংশ রাজশাহী-১ আসনে। আর সবচেয়ে কম ভোট পড়েছে ৬১ শতাংশ রাজশাহী-২ আসনে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান স্বাক্ষরিত তথ্যে জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ৭৬ শতাংশ। এ ছাড়া, রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৭১ শতাংশ। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৬৭ শতাংশ। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৭৩ শতাংশ। এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ফলাফল ব্যতীত।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ