, , ।
স্পোর্টস ডেস্ক: অবশেষে কাটল বরফ। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর ক্ষুব্ধ হয়ে দুই ম্যাচ বয়কট করার পর আবারও আল নাসরের জার্সিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি আল ফাতেহর বিপক্ষেই দেখা যাবে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকাকে। সৌদি আরবের শীর্ষ চার ক্লাব নিয়ন্ত্রণ করে পিআইএফ। রোনালদোর অভিযোগ ছিল, পিআইএফ আল নাসরের চেয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই বৈষম্যের প্রতিবাদে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নেন তিনি। মূলত আল হিলালের প্রতি কর্তৃপক্ষের বাড়তি পক্ষপাতিত্বই রোনালদোকে এই কঠোর অবস্থানে ঠেলে দিয়েছিল।
ইএসপিএন জানিয়েছে, রোনালদোর দাবিগুলো মেনে নিয়েছে পিআইএফ। আল নাসরের খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করার পাশাপাশি ক্লাবের শীর্ষ ম্যানেজমেন্টের স্বায়ত্তশাসনও ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে পিআইএফ কর্তৃক সাময়িকভাবে বরখাস্ত হওয়া স্পোর্টিং ডিরেক্টর সিমাও কউতিনহো এবং সিইও জোসে সেমেডো পুনরায় তাদের দায়িত্ব ফিরে পেয়েছেন। নিজ ক্লাবের স্বাধীনতা নিশ্চিত হওয়ার পরই রোনালদো মাঠে ফেরার সবুজ সংকেত দেন।
রোনালদো এই দ্বন্দ্বে জয়ী হলেও সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে কড়া বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, খেলোয়াড়দের ক্লাবের অভ্যন্তরীণ সিদ্ধান্তে প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। লিগের প্রতিটি ক্লাব একই নিয়মে স্বাধীনভাবে পরিচালিত হয় এবং ফুটবলীয় সিদ্ধান্তগুলো ক্লাবের নিজস্ব বোর্ড ও নির্বাহীরাই নিয়ে থাকেন।
মাঠের বাইরে বিতর্ক থাকলেও মাঠের পারফরম্যান্সে এখনো উজ্জ্বল রোনালদো। চলতি মৌসুমে ২২ ম্যাচে অংশ নিয়ে ১৮টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে আল হিলালের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।