সর্বশেষ সংবাদ :

শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিতে চাই: মিনু

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, এখন সবচেয়ে বড় সামাজিক সংকট হলো শিক্ষিত বেকারত্ব। লেখাপড়া শেষ করেও আমাদের তরুণরা কাজ পাচ্ছে না। এর ফলে হতাশা বাড়ছে, সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। জনপ্রতিনিধি হলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিতে চাই।
সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। মিনু বলেন, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, ২৫ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট ও পরিচ্ছন্নতা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের রাজনীতি করাই আমার লক্ষ্য। আমি জনপ্রতিনিধি হলে দলমত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবো। গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
স্থানীয় শিক্ষিত তরুণরা জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থানের অভাবে হতাশ। তারা বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের পর সাধারণত এই সমস্যাগুলো ভুলে যান। তবে মিনুর বক্তব্যে তারা আশাবাদী হয়েছেন।
গণসংযোগ শেষে মিজানুর রহমান মিনু বলেন, তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাদের কর্মসংস্থান নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সবাইকে সাথে নিয়ে আগামীতে সুন্দর রাজশাহী গড়বো। ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার এলাকায় গণসংযোগ করেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।
গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল আলম নিপু, সাবেক কাউন্সিলর কামরুন নাহার, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম আলী, সাধারণ সম্পাদক মো. আফরোজ, সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


প্রকাশিত: February 10, 2026 | সময়: 5:17 am | সুমন শেখ