সর্বশেষ সংবাদ :

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৩

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালপুর থানায় পাল্টা পাল্টি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলার কচুয়া বাজার এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা। ওই সময় বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি অফিসে ভাংচুর করা হয়।
স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, কচুয়া বাজারে তার সমর্থকরা মিছিল শেষে বাড়ি ফিরছিলেন এ সময় তার সমর্থকদের ওপর হামালা চালানো হয়। আহতদের মধ্যে পান্না ও জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক। আহতদের লালপুর হাসপাহালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনি এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, এশার নামাজের পর কচুয়া বাজারে নির্বাচনি অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুর ও ৩ জন কর্মীকে মারপিট করে আহত করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর লোকজন।
সংঘর্ষের ঘটনার পর খলিলুর রহমান (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।


প্রকাশিত: February 8, 2026 | সময়: 6:55 am | সুমন শেখ