, , ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া, সায়বাড়, ভাঙ্গিরপাড়া, হাড়িয়াপাড়া, পলাশবাড়ী, বর্ধনপুর, ঝালুকা বাজার ও আমগাছি বাজারসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন আমীর প্রভাষক আলিউল ইসলাম, সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, প্রভাষক মুক্তার হোসেন, হাফেজ সবুজ ইসলাম, ছাত্রনেতা মুক্তাদিরসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে আমগাছি বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনজুর রহমান বলেন, ‘পুঠিয়া-দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে।’
তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণ যদি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তবে তিনি জনগণের দেয়া প্রতিটি ব্যালটের সিলকে আমানত হিসেবে করবেন এবং জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করবেন।
পথসভায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়ায় ওই এলাকায় নির্বাচনী সোরগোল পড়ে যায়।